৩২ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ : চিফ হুইপ

বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে চায়, যাতে তারা বিদেশের অর্থনীতিতে হাত দিতে পারে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
কথা বলছেন চিফ হুইপ মো: নুরুল ইসলাম মনি
কথা বলছেন চিফ হুইপ মো: নুরুল ইসলাম মনি |নয়া দিগন্ত

৩২ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার। যা দিয়ে সাতটি বাজেট করা যেত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নুরুল ইসলাম মনি।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনার ক্রোক এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

বরগুনায় ইকোনমিক জোন করা গেলে এই অঞ্চলের আমূল পরিবর্তন হবে জানিয়ে মো: নুরুল ইসলাম মনি বলেন, ‘বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে চায়, যাতে তারা বিদেশের অর্থনীতিতে হাত দিতে পারে। দেশের সম্পদ বাড়াতে যেসব কাজ করা দরকার সেসব কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করছে।’

বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে জানিয়ে চীফ হুইপ বলেন, ‘এ অঞ্চলের যুবকদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা স্বাবলম্বী হতে পারে। দেশের হাল ধরতে পারে।’

খনন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা ওলি উল্লাহ, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারসহ জেলা বিএনপির বিভিন্ন নেতারা।