চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য জোবায়ের ইবনে আলম হামীমসহ (২০) বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিজ বাড়ি থেকে জোবায়ের ইবনে আলম হামীমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও চুরি-ডাকাতির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গ্রেফতার সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।



