একটি কক্ষ, তারেক রহমান ও মায়ের স্মৃতি

একই পরিচয়ে, একই শহরে— তবে ভিন্ন সময়ে। দুই দশক আগে যে কক্ষে একজন মা দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিছু সময় কাটিয়েছিলেন, আজ সেখানে তার সন্তান দেশের প্রধানমন্ত্রী হিসেবে এসে দাঁড়ালেন।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
কিশোরগঞ্জ সার্কিট হাউজের ১ নম্বর কক্ষ
কিশোরগঞ্জ সার্কিট হাউজের ১ নম্বর কক্ষ |কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি

একটি কক্ষ, নীরবে দাঁড়িয়ে থাকা চার দেয়াল। সেই দেয়ালের সাথে জড়িয়ে আছে দুই দশক আগের এক স্মৃতি। সেই স্মৃতি মায়ের।

২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জে এসে ওই কক্ষে বিশ্রাম নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী হয়ে সেই একই কক্ষে এলেন ছেলে তারেক রহমান।

কক্ষে প্রবেশ করেই মায়ের স্মৃতিতে ফিরে গেলেন তিনি। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরের একপর্যায়ে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রামের জন্য যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার জন্য বরাদ্দ ছিল সার্কিট হাউজের এক নম্বর কক্ষটি। মায়ের স্মৃতি বিজড়িত সেই কক্ষ।

কক্ষে প্রবেশ করে কিছুক্ষণ নীরবে চারপাশ দেখেন তারেক রহমান। যেন খুঁজে ফিরছিলেন কিছু একটা। খুঁজে ফিরছিলেন মায়ের ঘ্রাণ, মায়ের সেই সময়ের উপস্থিতি, কিছু স্মৃতি— সবকিছু মিলিয়ে আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি। মায়ের স্মৃতিবিজড়িত সেই কক্ষে দাঁড়িয়ে যেন ছুঁয়ে দেখতে চাইলেন দুই দশক আগের দিনগুলো।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন, ‘সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে যখন এই কক্ষে নিয়ে গেলেন আমিও তার সাথে ছিলাম। প্রধানমন্ত্রী কক্ষে ঢুকেই নীরব হয়ে গেলেন। তার চেহারায় কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। বিড়বিড় করে কী যেন বলছিলেন তিনি। মুহূর্তেই চোখ ছলছল হয়ে গেল তার। আমাকে বলছিলেন, ‘আম্মা এসেছিলেন কিশোরগঞ্জে। এই কক্ষেই বিশ্রাম নিয়েছিলেন। আজ আম্মা নেই...’

একই পরিচয়ে, একই শহরে— তবে ভিন্ন সময়ে। দুই দশক আগে যে কক্ষে একজন মা দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিছু সময় কাটিয়েছিলেন, আজ সেখানে তার সন্তান দেশের প্রধানমন্ত্রী হিসেবে এসে দাঁড়ালেন। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে দাঁড়িয়েছিল।

২০০৬ সালের খালেদা জিয়ার সেই সফরের স্মৃতিচারণ করে জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন ওই কক্ষে এসেছিলেন আমি তার সাথে ছিলাম। সরকারি সফরে এসে এই কক্ষে তিনি খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আজ ২০ বছর পর একই কক্ষে এসে তার ছেলে খাওয়া-দাওয়া করলেন, বিশ্রাম নিলেন। এটি সত্যিই অন্যরকম এক আবেগের ঘটনা। এই ঘটনাটি ইতিহাসের পাতায় মা-ছেলেকে এক সুতোয় বেঁধে দিলো।’

কিশোরগঞ্জের এই সফর তারেক রহমানের জন্য ছিল বিশেষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম কিশোরগঞ্জ সফর। কিশোরগঞ্জে এসে দিনব্যাপী তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ জেলা শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধন করেন উন্নয়নমূলক কাজের।

এসব কর্মসূচির ফাঁকে কিশোরগঞ্জের সার্কিট হাউজের ১ নম্বর কক্ষটি তারেক রহমানকে নিয়ে গিয়েছিল মায়ের কাছে। কিশোরগঞ্জের মানুষের কাছেও তাই প্রধানমন্ত্রীর এবারের সফরের এই মুহূর্তটি হয়ে থাকল আলাদা এক আবেগের গল্প।

উল্লেখ্য, এই কক্ষেই ২০০৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে কিশোরগঞ্জ সফরে এসে বিশ্রাম নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি সেই সময়ে কিশোরগঞ্জে এসে জেলা স্টেডিয়াম, নার্সিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট, আধুনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছিলেন।