ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ধামরাই পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েত পাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার পৌরশহরের একটি প্রিন্টার কারখানায় চাকরি করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকালে উপজেলা পরিষদের পুকুরের চতুর্থ পাশ দিয়ে হাঁটতে বের হয় রিনা সরকার। পরে সকাল ১০টার তার লাশ পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের ছেলে অজয় সরকার জানান, সকালে বাবা অফিসে যায়। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হয়। পরে আমি ঘুম থেকে জেগে দেখি, বাইরে থেকে দরজা লাগানো। মা প্রতিদিন আমাকে ঘরে এভাবে রেখে হাঁটতে যায়। আমার মার প্রেসার (উচ্চ রক্তচাপ) ও ডায়াবেটিকস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন।’
এই বিষয়ে ধামরাই ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘সকালে উপজেলা পরিষদ থেকে খবর পাই একজন নারী পানিতে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই নারীকে উদ্ধার করে দেখি তিনি মারা গেছেন। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করি।’
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘ওই নারী হয়ত সকাল বেলা উপজেলা পরিষদের মন্দিরে পুজা করে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



