শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি গলাচিপা-দশমিনায় হবে না। এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। কেউ রাজনৈতিক দল বা পদ-পদবি ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিন।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গলাচিপা অফিসার্স ক্লাবে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘টোল আদায়ের নামে কৃষকদের কোনো ধরনের হয়রানি করা যাবে না।’
সরকারি সুবিধা পেতে সাধারণ মানুষের কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে দিকে নজর রাখতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির, গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মো: নিজামউদ্দীন, মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো: ইখতিয়ার কবির, শিপলু খান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেন।



