নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ডাকাতির অভিযোগে শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭) নামে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টার দিকে পূর্বাচল উপশহরের দুই নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি ঘটনায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এসময় লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দু’টি ছুরি ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪-১৫ সদস্যের একটি ডাকাতদল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা লুট করে।
খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ রিসোর্টটি ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী ও আব্দুল আহাদকে গ্রেফতার করে।
এ ছাড়া পুলিশের অভিযান দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান ও রাব্বি হোসেন নামে আরো দু’জনকে গ্রেফতার করা হয়।
পরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে তানভীর আহমেদ ও হোসেন আলীকে গ্রেফতার করে পুলিশ।
ডাকাতির ঘটনায় রিসোর্টটির মালিক আবির রায়হান রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



