দিনাজপুর-বগুড়া মহাসড়কে মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাণিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মো: আব্দুল মোশারফের ছেলে আলামিন (১৫), মোখলেসপুর গ্রামের সালিম উদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির শমসের উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল রোড থেকে পাকা সড়কে ওঠার সময় দিনাজপুরগামী ট্রাকের সাথে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।



