গাইবান্ধার সাদুল্লাপুরে নদীতে মাছ ধরতে গিয়ে ইউনুস আলী (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হন। এ ঘটনার এক দিন পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৭ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার নলেয়া নদীর মরাঘাটি থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (ঝাউলার বাজার) নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে ইউনুস আলী নলেয়া নদীতে মাছ ধরতে যান। এরপর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হলে, শুক্রবার তারা নদী থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ডুবুরি দলের সহায়তায় ইউনুস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’



