পটুয়াখালী শহরের নিউ টাউন এলাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া এক গ্রাহকের ব্যাগ কেটে টাকা চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার মো: রবি হাওলাদার (৪৯), খুলনার রূপশা উপজেলার মো: ঝন্টু শেখ (৪৮) এবং খুলনা সদর এলাকার মো: দেলোয়ার হোসেন (৬২)।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, টাউন কালিকাপুর এলাকার সোনালী ব্যাংক নিউ টাউন শাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার একটি দল অবস্থান নেয়। এ সময় ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া এক গ্রাহকের ব্যাগ কেটে টাকা নেয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, গত কয়েক মাস ধরে পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে একই কৌশলে গ্রাহকদের টাকা চুরির ঘটনা ঘটছিল। এসব ঘটনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্ত ও নজরদারিতে রাখা হয়। গত ২২ ফেব্রুয়ারি পাবনায় এক সরকারি কর্মচারীর তিন লাখ টাকা চুরির ঘটনাও আলোচনায় আসে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাংক এলাকায় নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা খুলনা থেকে যাত্রীবাহী বাসে এসে ব্যাংকে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের চুরির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।



