ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
রোববার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান। এ সময় উপস্থিত গ্রাহকদের মধ্যে ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো: হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি মহল ব্যাংকটিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকটিকে রক্ষা করতে দেশের বিপুল সংখ্যক গ্রাহক ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এ ব্যাংক নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখে দিতে গ্রাহকরা সচেতন রয়েছেন।
বক্তারা আরো বলেন, ব্যাংক খেকো এস আলমের সাথে নতুন করে কিছু ক্ষমতাশালী লোকজন যোগাযোগ করে আবারো ইসলামী ব্যাংকসহ ব্যাংক সেক্টরকে গ্রাস করার ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ প্রেমিক জনগণ যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দেবে। ব্যাংক গ্রাসকারী নতুন এসব এস আলমদের বাংলাদেশে ঠাঁই হবে না।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



