মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় ‘সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী’ আয়োজিত এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।

তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে, স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে। তারা অন্যায়ভাবে ইরানের ওপর হামলা করছে। এ ব্যাপারে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন।

বক্তারা আরো উল্লেখ করেন, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়ায়।

তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার সমন্বয়ক মাহমুদ জামান কাদেরী, রাজশাহী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল কিবরিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর সদস্য সচিব নাদিম সিনা প্রমুখ।