বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নিজেদের সকল বিভেদ ভুলে গিয়ে সকলকে আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র এখন গভীর ষড়যন্ত্রের শিকার।’
বুধবার (১৬ জুলাই) বিকেলে মুশলধারে বৃষ্টির মধ্যে শহরের কানাইখালিতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপি (ছাত্র-জনতা) ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে তাদের বিদায় করেছে। সম্প্রতি সেই বিএনপি-জামায়াত ও এনসিপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলা হচ্ছে। বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ফলে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা বিনষ্ট হচ্ছে। যে বন্ধন ছিলো তাতে ফাটল ধরছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী শক্তির ঐক্যে ফাটলের সুযোগ নিয়েই গোপালগঞ্জে আজ এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের ওপরে আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলার সাহস দেখিয়েছে।’
অবিলম্বে হামলাকারী সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী দিনে যেন নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ এমন হামলার সাহস আর দেখাতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।



