গাজীপুরে গভীর বনে জবাইকৃত ঘোড়ার মাথা ও চামড়াসহ হাড় উদ্ধার

ঘোড়াগুলো জবাই করে গোশত অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এসব গোশত আশপাশের হোটেলে সরবরাহ করা কিংবা গরুর গোশতের সাথে মিশিয়ে বিক্রি করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বনের ভেতর পড়ে আছে ঘোড়ার মাথা, চামড়া, পা, হাড়
বনের ভেতর পড়ে আছে ঘোড়ার মাথা, চামড়া, পা, হাড় |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে গভীর বনে পরিত্যক্ত অবস্থায় অন্তত ১২টি ঘোড়ার জবাই করা মাথা, চামড়া, পা ও হাড় পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের নয়াপাড়া ও গাজিয়াড়ন গ্রামের গভীর বনে এসব দেখতে পান স্থানীয়রা।

গোসিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সুমন প্রধান জানান, ভোরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে বেশ কয়েকটি ঘোড়ার মাথা ও হাড় পড়ে থাকতে দেখেন। কারা এসব ঘোড়া জবাই করেছে খুঁজে বের করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয়দের ধারণা, ঘোড়াগুলো জবাই করে গোশত অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এসব গোশত আশপাশের হোটেলে সরবরাহ করা কিংবা গরুর গোশতের সাথে মিশিয়ে বিক্রি করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বনের ভেতরে অনেকগুলো ঘোড়া জবাই করার বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। বিষয়টি জানার পর সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি বন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।’

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য বর্জ্য মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’