ময়মনসিংহে জাপার তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-১১ আসনে বিএনপির প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

Location :

Bhaluka
যোগদান অনুষ্ঠান
যোগদান অনুষ্ঠান |নয়া দিগন্ত

ময়মনসিংহ অফিস ভালুকা সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ-১১ আসনে বিএনপির প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এ বি সিদ্দিক ও ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক। এ সময় ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক সংকট, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের প্রেক্ষাপটে বিএনপিই জনগণের একমাত্র আস্থার প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।’

ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, ‘তারেক রহমানের আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’

ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ‘দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক ভালুকা গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’