নোয়াখালী অফিস
নোয়াখালীতে একটি দেশীয় পিস্তল (এলজি) দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকের সুধারাম থানার কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মো. ফয়সাল (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সুধারাম এলাকায় অবস্থান করছিল। এ সময় স্থানীয় লোকজন মাদরাসার তিনতলা ভবনের নিচতলার সিঁড়ির পশ্চিম পাশের একটি কক্ষে দুই ব্যক্তিকে অস্ত্রসহ দেখতে পেয়ে আটক করে রাখেন। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি পুরোনো দেশীয় তৈরি পিস্তল (এলজি) উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তায়্যব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



