গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিনসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০-৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এসময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান তদন্ত অফিসার ইনচার্জ মো: কবির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



