কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সুলতান একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
মৃতের ভাতিজা সামাদ মিয়া জানান, বুধবার সকালে ভিটিপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার বাড়িতে আসবাবপত্র তৈরির কাজ করছিলেন সুলতান। কাজের একপর্যায়ে ড্রিল মেশিন ব্যবহার করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



