নাটোরের নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সঙ্কটের কারণে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল পেট্রোল নেয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সাধারণ কৃষক ও মোটরসাইকেল চালকরা। এতে নাটোর-নওগাঁ রোডে সৃষ্ট হয়েছে যানযটের।
বুধবার (১ মার্চ) ভোর থেকেই প্রোপান ফিলিং স্টেশনে সাধারণ কৃষক এবং মোটরসাইকেল চালকদের এ দীর্ঘ লাইন দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল এমরান খাঁন নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনে উপস্থিত থেকে বলেন, ‘পর্যাপ্ত তেল রয়েছে। যারা মেশিন নিয়ে আসছে তাদের মেশিন চেক করে তেল দেয়া হচ্ছে। কোনো জারকিনে তেল দেয়া হবে না। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেয়া হচ্ছে।’
উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তিনি বলেন, ‘কৃষকদের জন্য সাড়ে আট হাজার লিটার ডিজেল তেল ও তিন হাজার লিটার পেট্রোল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিন চার হাজার লিটার ডিজেল তেল বরাদ্দ পেয়েছে। এছাড়া নলডাঙ্গা প্রোপান ফিলিং ষ্টেশনে এক হাজার ৫০০ লিটার ডিজেল তেল ও তিন হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছে।’
আগামীকাল সকাল ৯টা হতে প্রশাসনের সহযোগিতায় তেল বিতরণ শুরু হবে। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেয়া হবে।



