কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ‘বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপি পেশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেয়া হবে।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Komol Nagar
লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে।

এ সময় সংগঠনটির আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সদস্য সচিব মুফতি শরীফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজত নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব সোলাইমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্কাস আলী, খেলাফত মজলিস নেতা ওমর ফারুক প্রমুখ।

পল্লি বিদ্যুতে অসহনীয় লোডশেডিং বন্ধ, ভূলুয়া নদী খনন, সকল খাল দখলমুক্ত করা, কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা ও হতদরিদ্রদের জন্য আসা ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়।

কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘পল্লি বিদ্যুতে অসহনীয় লোডশেডিং মাত্রা ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। রাত দিন মিলে সাত থেকে আট ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছে না কমলনগরবাসী। এছাড়া ভূলুয়া নদী খনন করা, সকল খাল দখলমুক্ত করা, কাজের বিনিময় খাদ্য কাবিখা প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি ভিজিডি তালিকা লটারির মাধ্যমে দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ‘বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপি পেশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেয়া হবে।