বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: সুলতান আহমদ বলেছেন, ইনসাফ আর পরিবর্তনের জন্য প্রস্তুত বেতাগীর মাটি। বিজয় এবার দাঁড়িপাল্লার এটি সুনিশ্চিত। কেননা দিন শেষে আপনারা আমাকে ফেলে যেতে পারবেন না। আমিও তো এ বেতাগীর মানুষ, আপনাদেরই সন্তান ডাক্তার সুলতান।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ডাঃ সুলতান আহমদ বলেন, আসনটি লম্বা সময় ধরে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে ছিলে। তবে তারও আগে বিএনপির কব্জায়ই ছিলো। কিন্তু কোনো উন্নয়ন হয়নি।
নির্বাচনী জনসভায় ভোটারদের উৎসাহিত করতে সুলতানের সাথে মঞ্চে যোগ দেন, ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা: মাহমুদা আলম মিতু। এসময় জামায়াতের স্থানীয় নেতাকর্মীর সাথে দলটির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা সমাবেশে অংশ গ্রহণ ও বক্তব্য রাখেন।
এনসিপি নেত্রী তার বক্তব্যে ভোটারদের রাজনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণসহ আসন্ন নির্বাচনে সুলতান আহমেদকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানের সাথে প্রতিদ্বন্দ্বী দল বিএনপির কর্মকাণ্ডের তুলনা করতে গিয়ে তারেক রহমানের বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন।
মাহমুদা মিতু বলেন, ‘আজকের তারেক রহমান লন্ডন থেকে এসেই আমাদের সমালোচনা শুরু করে দিয়েছেন। অথচ আমরা না থাকলে হয়ত তাকে লন্ডন বসেই আরো কতকাল ভিডিও কলে বক্তব্য দিতে হতো কে জানে? তিনি নারী সমাজকে নিয়েও যা তা বলে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘শোনেন জনাব তারেক রহমান, নারীরা এবার ময়দানে নেমেছে, ইতিহাস পাল্টে যাবে। কথায় কথায় আপনি জামায়াতকে গুপ্ত বলেন, হাসিনা পালিয়েছে রাজাকার শব্দ বলে। সুতরাং আপনার জন্যও এ গুপ্ত শব্দটাই কাল হয়ে দাঁড়াতে পারে, কী হতে পারে সেটা আর নাই বললাম।’



