মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর এলাকায় খাল খননের সময় অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাত ৮টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের টিম দূর্গানগর এলাকায় পৌঁছে সেটিকে নিষ্ক্রিয় করে।
তিনি নয়া দিগন্তকে জানান, ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের অথবা তার আগে ব্রিটিশ আমলের হতে পারে।
জানা যায়, সোমবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের কাজ করার সময় মাটির নিচে পরিত্যক্ত একটি লোহার মতো বস্তু দেখতে পান। পরে মূল্যবান কোনো জিনিস মনে করে সেটি বাসায় নিয়ে রেখে দেন। বিষয়টি তিনি পাশের বাড়ির একজনের সাথে শেয়ার করলে তিনি বস্তুটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে এমন আশঙ্কা করে সেটিকে ঘরে না রেখে পানি বা পুকুরে রাখতে পরামর্শ দেন। পরে ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানালে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে পুলিশ মোতায়েন করে স্থানটি ঘিরে রাখা হয়।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘সোমবার সকালে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার এক কৃষক ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেই গ্রামের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারে যে, এটি মর্টারশেলের অংশ। পরে তিনি পুলিশকে খবর দেন। আমরা ঘটনা শোনার পর সেখানে পরিদর্শন করি। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৮টার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।’



