ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত শিশু নিছামনি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট আদালত বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। একইসাথে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফের বয়স বিবেচনায় তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার একটি এলাকায় শিশু নিছামনিকে অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অপরাধের আলামত গোপন করতে তাকে নদীতে ফেলে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন ১৫ জুন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি আসামিদের গ্রেফতার করে। দ্রুত তদন্ত শেষে ঘটনার নয় দিনের মাথায়, গত ২৩ জুন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর স্বজনরা। স্থানীয়দের আশা, এ রায়ের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে কঠোর বার্তা যাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।



