এ বছর ঈদুল ফিতরের ছুটিতে পদ্মা সেতু দিয়ে ১২ দিনে মোট তিন লাখ ৭৯ হাজার ৯৯২টি যানবাহন পারাপার হয়েছে। এসময় প্রায় ৪১ কোটি টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
রোববার (২৯ মার্চ) রাতে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।
আবু সায়াদ নিলয় জানান, ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১১ দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট তিন লাখ ৪৩ হাজার ৪৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এসময় মোট টোল আদায় হয় ৩৬ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা।
তাছাড়া, ঈদের ছুটির শেষে দিন কর্মস্থলে ফেরা মানুষের যাত্রায় শনিবার (২৮ মার্চ) ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫২৬টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে চার কোটি এক লাখ ১৯ হাজার ৯৫০ টাকা।
ফলে, ১২ দিনে মোট তিন লাখ ৭৯ হাজার ৯৯২টি যানবাহন থেকে ৪০ কোটি ৯৩ লাখ তিন হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়।



