নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করলেন হান্নান মাসউদ

উপজেলার বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিটিভির একজন সাংবাদিকসহ প্রায় ৩০ জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
ভোট দিলেন হান্নান মাসউদ
ভোট দিলেন হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বুড়িরচর শহীদ আলি আহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিটিভির একজন সাংবাদিকসহ প্রায় ৩০ জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘সকাল থেকে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, কেন্দ্র দখল করা হচ্ছে। এমনকি আমার স্ত্রীর ওপরও হামলা হয়েছে। তবুও আমরা মানুষজনকে কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য বলছি। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিহত করতে হবে। আমরা হার মানতে শিখিনি। ইনশাআল্লাহ, এই হারকে বিজয়ে রূপান্তর করতে হবে।’

নোয়াখালী-৬ আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৮ হাজার ৩০৯ জন এবং নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৮৭৫ জন।

এই আসনে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী তানভীর উদ্দিন রাজিব এবং হরিণ প্রতীকের প্রার্থী ফজলুল আজিম।