ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রনিক অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অ্যাসিসটিভ ডিভাইস তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
এ সময় সংসদ সদস্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লেখাপড়া, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের খোঁজখবর নেন এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ডিভাইস বিতরণ শেষে এমপি রফিকুল ইসলাম জামাল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মকবুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী রানী বল, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক (দলীয়পদ স্থগিত) আখতার হোসেন নিজাম মীরবহর প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



