কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের তদন্ত প্রতিবেদন

৬ গেইটম্যানসহ একাধিক ব্যক্তির গাফিলতিতে ১২ জনের মৃত্যু

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
৬ গেইটম্যানসহ একাধিক ব্যক্তির গাফিলতিতে ১২ জনের মৃত্যু
৬ গেইটম্যানসহ একাধিক ব্যক্তির গাফিলতিতে ১২ জনের মৃত্যু |নয়া দিগন্ত

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র। প্রতিবেদনে ছয়জন গেইটম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুইজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ সংশ্লিষ্টতা এবং বাস চালকের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে।

তিনি আরো বলেন, তদন্তে অন্তত ছয়টি গুরুতর ব্যত্যয় শনাক্ত করা হয়েছে। পুরো ঘটনায় একাধিক ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে ৮টি সুপারিশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।

উল্লেখ্য, গত ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ভোররাতে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সাথে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত আরো ২০ জন।

এদিকে এ ঘটনায় এক বাসযাত্রীর দায়ের করা মামলায় র‌্যাব ও পুলিশ এখন পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেফতার করেছে।