সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের সদস্যদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে দেয়া হয়। গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত হন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারো নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে। শুধু আর্থিক সহায়তা নয়, সরকার এসব পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে থাকবে।
নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, পরিবারগুলোর শিশুদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। একই সাথে স্বজনহারা পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হবে।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে স্থানীয়দের সতর্ক করে মন্ত্রী বলেন, এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠানো দালালদের তথ্য প্রশাসনকে দিতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান ও সংরক্ষিত মহিলা আসন-২২-এর সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



