টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উদ্বোধনী খেলায় ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ ও কালিহাতী উপজেলা ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় কালিহাতী উপজেলা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে ভূঞাপুর উপজেলা ফুটবল একাদশ জয়লাভ করে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, পাশাপাশি দুই উপজেলার মধ্যে এ খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়দের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে খেলা উপহার দেয়ার আহ্বান জানাই।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়া চর্চা আরো গতিশীল হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সবাই খেলাগুলো উপভোগ করবে বলে আশা করছি।
এসময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: সেলিমুজ্জামান তালুকদার সেলু, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ছানোয়ার হোসেন খা, কৃষি অফিসার মো: মোখলেছুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান তরফদার ভূট্টো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রাজীব হোসেন কফিলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, সাংবাদিক, ক্রীড়া সংস্থার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



