নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় স্থানীয় পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল মর্গে রয়েছে।
নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর গ্রামের পরোলকগত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি স্ত্রী সন্তানসহ পরিবার নিয়ে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন।
নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, রতন কয়েক দিন যাবত অসুস্থ। এ জন্য রাত ৭টার সময় বাড়ির কাছের পল্লিচিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় নিয়ে আসি। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন ও একটি স্যালাইন পুশ করেন। এর কয়েক মিনিট পরই রতন কান্না করে কাপতে থাকে। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলেন। এরপর রতনকে তার ছোট ভাই দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক রতনকে দ্রুত ঢাকা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিক্যালে নেয়ার পর রতনের মৃত্যু হয়।
থানার উপপরিদর্শক আবুল বাশার জানান, চিকিৎসক ধারনা করছেন বিষক্রিয়ায় রতনের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এজন্য চিকিৎসক ফতুল্লা থানাকে জানিয়ে ঢাকা মেডিক্যালের মর্গে লাশ রেখে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহতের বাসা থেকে পল্লিচিকিৎসকের দেয়া ওষুধ জব্দ করা হয়েছে। পল্লিচিকিৎসককে পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



