বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি জাহান নামে একটি ট্রলারের সেফ (স্যাপট ও পাখা) ভেঙে বিকল হয়ে গত তিন দিন ধরে ১৭ জেলে সাগরে ভাসছেন।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাতে ট্রলারের মালিক মো: বেল্লাল হোসেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতিকে জানান।
জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে ১৭ জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। ট্রলারে থাকা জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকের বরাত দিয়ে বলেন, ‘গত শনিবার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের যাওয়ার জন্য রসদ সামগ্রী নিয়ে রওয়ানা দেয়। গত তিন দিন আগে সেফ (পাখা) ভেঙে সেটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে ট্রলার মালিককে মোবাইলফোনে জানান জেলেরা এবং তাদের উদ্ধারের জন্য অনুরোধ করেন তারা।’
গোলাম মোস্তফা চৌধুরী আরো বলেন, ‘ভাসমান জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডের পশ্চিম জোনকে জানানো হলে তারাও উদ্ধার অভিযানে নেমেছে বলেও জানান এবং পাশাপাশি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে উদ্ধার অভিযান শুরু করেছে।’



