দিনাজপুর সেক্টরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) যৌথভাবে পরিচালিত অভিযানে জব্দ করা প্রায় ১১ কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর ৪২ বিজিবির সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়।
মাদক ধ্বংসের এই বিশেষ কার্যক্রমে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‘মাদকের বিরুদ্ধে জিরো টোলারেন্স’ নীতি বাস্তবায়নে এটি বিজিবির একটি অন্যতম বড় এবং প্রশংসনীয় পদক্ষেপ।
দিনাজপুরের বিভিন্ন সীমান্ত ও অভ্যন্তরীণ রুটে অভিযান চালিয়ে আটক করা কোটি কোটি টাকার ফেন্সিডিল, মদ, গাঁজা, হিরোইন বা ইয়াবাসহ সকল প্রকার মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া মেনে ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় কোনোভাবেই মাদক চোরাচালান বরদাশত করা হবে না। মাদকের এই মরণনেশা দেশের ভেতরে ঢুকে যেন আমাদের যুবসমাজকে ধ্বংস করতে না পারে, সেজন্য ৪২ বিজিবি দিনরাত অতন্দ্র প্রহরীর মতো সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে।



