কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও কর্তব্যরত ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া দু’জন হলেন— কেন্দ্র সচিব ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন ও ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের অ্যাকাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান।
জানা গেছে, বুধবার (২৯ জুলাই) ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার রসায়ন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নাগেশ্বরী কামিল মাদরাসার একজন অনিয়মিত পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দেয়। ওই অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত পরীক্ষার্থীর এমসিকিউ প্রশ্নপত্র দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র এনে সময় বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেয়া হয়।
পরে দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মাওলানা মো: আলতাফ হোসাইন জানান, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র আমাদের কেন্দ্রে আসেনি। তার প্রশ্নপত্র নাগেশ্বরী কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এসেছিল। পরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হলেও নাগেশ্বরী কেন্দ্র থেকে প্রশ্ন পাঠানো হয়নি। নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রে ও ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার পরীক্ষার্থীরা নাগেশ্বরী কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ‘শিক্ষা বোর্ডের সাথে পরামর্শ করে অনিয়মতি পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংগ্রহ করে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও পরীক্ষায় কর্তব্যরত ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’



