পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পিরোজপুর-১ আসনের সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন এমপি মাসুদ সাঈদী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার জিয়ানগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। এ সময় জিয়ানগর উপজেলায় ৬৭ জনকে নগদ অর্থ প্রদান এবং ২০০ জনকে শাড়ি-কাপড় বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াত আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, প্রেসক্লাব সভাপতি খান মো: নাসির উদ্দিনসহ অনেকে।
মাসুদ সাঈদী বলেন, ‘আমরা গত ১৭ বছর ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট ছিলাম, এমনকি জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী করা হয়েছিল। একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতীতে যে ফ্যাসিবাদী আচরণের কারণে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল শুধু বাংলাদেশের রাজনীতি থেকেই নয় বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার পথে। তাদের এই করুণ পরিণতির অন্যতম কারণ হলো ফ্যাসিবাদী আচরণ ও মানুষের ওপর জুলুম। অতীত থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি ইতিহাস কাউকে ক্ষমা করবে না।’
প্রসাশন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলায় ত্রাণ তহবিলের নগদ অর্থ ২৬৬ জন ও শাড়ি-কাপড় ৫০০ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।



