মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিটন মিয়া নামে দুবাইগামী এক প্রবাসীকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে মাইক্রোবাস খাদে পড়ে ওই প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী লিটন মিয়াসহ (৪০) একই পরিবারের নয়জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও উদ্ধারকাজে যোগ দেয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম নয়াদিগন্তকে জানান, মুন্সীগঞ্জের বজ্রযোগিনী থেকে দুবাই প্রবাসী লিটন মিয়াকে বিদায় জানাতে পরিবারের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে মাইক্রোবাসযোগে রওনা দেন। পথিমধ্যে গাড়িটি সিরাজদিখান উপজেলার কুসুমপুর বৌবাজার এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চালকসহ ১১ জন আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালায়। পরে সবাইকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।



