মদন (নেত্রকোনা) সংবাদদাতা
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার মদনে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় ঐক্য সুদৃঢ়করণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, নেতৃত্ব ও কর্মময় জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভবিষ্যতেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অবদান এবং রাষ্ট্র পরিচালনায় তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবু তাহের আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক এস এম দিদারুল ইসলাম রনি।



