শাল্লায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সুনামগঞ্জে শাল্লায় পাওনা টাকা চাইতে গিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তি তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
শাল্লায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
শাল্লায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু |নয়া দিগন্ত

সুনামগঞ্জে শাল্লায় পাওনা টাকা চাইতে গিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তি তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আলী হুসেন শাল্লা উপজেলার শশারকান্দা গ্রামের মরহুম তাহের মুন্সির ছেলে।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান আহত একজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাতে শশারকান্দা গ্রামের হাইস উদ্দিনের ছেলে কাশেম মিয়া একই গ্রামের আলী হোসেনের ছেলে রবিউলের কাছে পাওনা টাকা চাইতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ১৪ ফেব্রুয়ারি সকালে প্রতিপক্ষের হামলায় কাশেমের চাচা প্রদীপ মিয়া আহত হন। এ ঘটনার জেরে সন্ধ্যায় দুপক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এসময় আলী হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী হুসেন মারা যান।

এ বিষয়ে ওই গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম কিবরিয়া বলেন, ‘টাকা পয়সা লেনদেন নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে একপক্ষ আরেক পক্ষের উপর পাল্টাপাল্টি হামলা করে। আমাকে সিলেট থেকে জানিয়েছে এ মারামারির ঘটনায় আহত আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান জানান, ‘টাকা লেনদেনের বিষয় নিয়ে তিন দিন আগে দুপক্ষের মধ্যে মারামারি হয়। খবর পেলাম, সংঘর্ষে আহত একজন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়।’