জনবিরোধী সব কার্যক্রম বন্ধ করা হবে : তাজউদ্দিন খান

মো: তাজউদ্দীন খান বলেন, ‘প্রিয় দেশটিকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। তারই অংশ হিসেবে এই হাসপাতালে পরিষ্কার অভিযান পরিচালনা করা হচ্ছে।’

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
উপজেলা জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উপজেলা জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান |নয়া দিগন্ত

সবাইকে সাথে নিয়ে মেহেরপুরে জনবিরোধী সব কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছেন মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: তাজউদ্দীন খান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মো: তাজউদ্দীন খান বলেন, ‘প্রিয় দেশটিকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই। তারই অংশ হিসেবে এই হাসপাতালে পরিষ্কার অভিযান পরিচালনা করা হচ্ছে।’

পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক সঙ্কট দূরীকরণ এবং নতুন ভবনে চিকিৎসাসেবা দ্রুত চালুর আশ্বাস দেন। এছাড়াও হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত করার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বুলবুল কবীর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মো: সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ জামায়াতের অন্য নেতাকর্মীরা।

এদিকে এমপি তাজউদ্দিন খান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে তার কর্মযজ্ঞ শুরুর প্রারম্ভে নির্বাচনী এলাকার সুধীজনদের সাথে স্বাক্ষাৎ করেছেন। সরকারি বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিভিন্ন দফতরের কার্যপরিধি সম্পর্কে অবহিত হন।

ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসারের সাথে মতবিনিময়কালে কী ধরনের সেবা দিয়ে থাকে তার বিস্তারিত জানতে চান তিনি। সেবা প্রার্থীরা যাতে সময় মতো ও কাঙ্ক্ষিত সেবা পান তা নিশ্চিত করা এবং কোনো প্রকার হয়রানি ছাড়া সেবা গ্রহণ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে অনুরোধসহ নির্দেশ প্রদান করেন।

বিভিন্ন দফতরের মধ্যে বিশেষ করে জেলা উপজেলার প্রকৌশল সেক্টরের প্রকৌশলীদেরকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় থেকে শতভাগ কাজ করতে অনুরোধ করেন তিনি। এক্ষেত্রে তার কোনো প্রতিনিধি বা অন্য যে কাউকে অনৈতিক সুবিধা না দিতে অনুরোধ করেন তিনি।