চট্টগ্রামে ভারতীয় নাগরিকের কাছ থেকে ৪২৭ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক তামিম আনসারী এ রুটে নিয়মিত যাতায়াত করেন। তিনি নিজেকে পোশাক ব্যবসায়ী বলে দাবি করেন।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
উদ্ধার করা স্বর্ণসহ আটক ভারতীয় নাগরিক তামিম আনসারী
উদ্ধার করা স্বর্ণসহ আটক ভারতীয় নাগরিক তামিম আনসারী |নয়া দিগন্ত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তামিম আনসারী নামে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৪২৭ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের টুকরো উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার দেহ তল্লাশি করে স্বর্ণের টুকরোগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ নম্বরের ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) একটি যৌথ দল কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমকালে ওই যাত্রীকে আটক করে।

আটক তামিম আনসারী ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে পেস্ট আকারে লুকিয়ে রাখা ৪২৭ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তামিম আনসারী এ রুটে নিয়মিত যাতায়াত করেন এবং তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।