ডোমারে ক্লাস চলাকালে ফ্যান ছিঁড়ে শিক্ষার্থী আহত

নবম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রা রানী। হঠাৎ ক্লাস চলাকালীন সময় বিকট শব্দে একটি সিলিং ফ্যান খুলে পড়ে ওই শিক্ষার্থী আহত হয়।

Location :

Nilphamari
নীলফামারীর ম্যাপ
নীলফামারীর ম্যাপ |ফাইল ছবি

ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমারে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে জুনায়েদ ইত্তেসাম (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলার বামুনিয়ায় গ্রামের বাসিন্দা মিন্টুর ছেলে জুনায়েদ ইত্তেসাম।

জানা গেছে, নবম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রা রানী। হঠাৎ ক্লাস চলাকালীন সময় বিকট শব্দে একটি সিলিং ফ্যান খুলে পড়ে ওই শিক্ষার্থী আহত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার বিষয়ে শিক্ষিকা চন্দ্রা রানী বলেন, ‘আমি যথারীতি ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ফ্যান থেকে বিপজ্জনক শব্দ হচ্ছিল। আমি সতর্ক করতেই ফ্যানটি খুলে পড়ে এবং একজন শিক্ষার্থী আহত হয়। সতর্ক না করলে বড় ধরনের বিপদ হতে পারত।’

সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষের প্রতিটি ফ্যান অচল, জরাজীর্ণ ও আঁকা-বাঁকা অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব ফ্যানের নিচে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের বৈদ্যুতিক সকেট ও সুইসের বোর্ডগুলো একদম নষ্ট। যা থেকে ঘটতে পারে দুর্ঘটনা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ১৪টি শ্রেণিকক্ষ রয়েছে। এসব কক্ষের জন্য প্রায় ৪০টি ফ্যান প্রয়োজন। পুরোনো ফ্যানগুলো রিপেয়ারিং করে চালানো হচ্ছে। যেগুলোতে এখন সমস্যা দেখা দিয়েছে, সেগুলো দ্রুত পরিবর্তন করে দেয়া হবে। আমরা বৈদ্যুতিক বোর্ডগুলো ঠিক করি, কিন্তু ছাত্ররা আবার সেগুলো নষ্ট করে।’