গাইবান্ধা সদর উপজেলায় পিকআপভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরো চারজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী মুড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০) ও সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে যাত্রী রোস্তম আলী (৩০)।
বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মুরগীবাহী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো ইজিবাইক বাইক চালক ও এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় ইজিবাইকের আরো চারজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ থানায় আসার পর বিস্তারিত তথ্য দেয়া যাবে।’



