কক্সবাজারের চকরিয়া পুলিশের একটি দল টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃত মোহাম্মদ পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করেছে এবং অপহরণের সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
চকরিয়া থানা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে ফেরার পথে আজিজনগর রাস্তার মাথা থেকে পারভেজ হোসেনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
উদ্ধার হওয়া কিশোর পারভেজ হোসেন চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে।
এ ঘটনায় পারভেজের পরিবার চকরিয়া থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত তথ্যের সহায়তায় অভিযান শুরু করে। পরে কক্সবাজার জেলার রামু থানার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার গহীন পাহাড়ি অরণ্যে অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার মৃত আমির সুলতানের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, রামুর ঈদগড়ের গহীন অরণ্যে টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণকারী নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অপহৃত পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।



