রাজশাহীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়।
ভোটাররা বলছেন, শীতের সকালের শুরুতে কেন্দ্রগুলোতে কিছুটা উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।
এদিকে সকাল পৌনে ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
ভোট দিয়ে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ ভালো আছে।’
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সকাল সাড়ে ৭টায় পবা উপজেলার কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। কেন্দ্র পরিদর্শনকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে সব আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতার আভাস মিলছে।



