মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের দুই পাশে এপ্রোচ সড়কের কাজ দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় স্থানীয় সিংজুরী ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল কাদের মিয়া।
এ সময় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মো: আকতার হোসেন মন্ডল, মো: রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ব্রিজ নির্মাণের দীর্ঘ সময় পার হলেও এখনো দুই পাশে এপ্রোচ সড়কের কাজ সম্পন্ন হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা এ ব্রিজ ব্যবহার করতে পারছে না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এপ্রোচ সড়ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দ্রুত এপ্রোচ সড়কের নির্মাণকাজ শুরু ও শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।



