রফিকুল ইসলাম খান

সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

‘আওয়ামী স্টাইলে দেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অবশ্যই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বগুড়ার শাজাহানপুরে জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান
বগুড়ার শাজাহানপুরে জামায়াতের উদ্যোগে এক কর্মী সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বগুড়া অফিস ও শাজাহনপুর সংবাদদাতা

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামীতে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। একই দিনের গণভোটে দেশের সকল সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী স্টাইলে দেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অবশ্যই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের মাঠে সবার সমান সুযোগ সৃষ্টি করতে হবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলনা রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর তিনটি দল এদেশ শাসন করেছে। এর মধ্যে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় ছিল, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দেশে দুর্নীতি, দুঃশাসন, দলীয় কোন্দল ও চাঁদাবাজির কারণে গত এক বছরে একটি দলের কর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষে দু’ শত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না।’

রফিকুল ইসলাম আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে, সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে। অমুসলিমরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা পাবে। এজন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

শাজাহানপুর উপজেলা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

প্রধান বক্তা বলেন, ‘আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করব এবং চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তুলব।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা আমির মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলার নায়েবে আমির আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলার নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন।