পাকুন্দিয়ায় গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার ১

এর আগে, গত শুক্রবার ভোরে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গণপিটুনিতে নিহতের ঘটনাটি ঘটে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
গ্রেফতার শাকিল
গ্রেফতার শাকিল |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে রমিজ উদ্দীন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার ভোরে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে গণপিটুনিতে নিহতের ঘটনাটি ঘটে।

গ্রেফতার শাকিল উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে রমিজ উদ্দীন একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় নদের তীর রক্ষা বাঁধের সিসি ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তারা তাকে গরুসহ আটক করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে রমিজকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা হযরত আলী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ ধরনের সহিংস ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।