ময়মনসিংহে নাহিদ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ দাবি এনসিপির

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি জুলাই গণহত্যার সময়ও নির্বিকার ছিলেন।’

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অতি দ্রুত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ একইসাথে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করার দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তিনি জুলাই গণহত্যার সময়ও নির্বিকার ছিলেন।’

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার পরও সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, উচ্চ কক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের ম্যান্ডেট নিয়েই আমরা সংসদে গিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসরমুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও সেখানে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেয়া হয়েছে। এতে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে।’

তিনি দাবি করেন, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে নিজেদের মতামত দেয়ার সুযোগ চেয়েও তা পাননি। বলেন, ‘মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু সে সুযোগ না দিয়েই রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।’

ইফতার-পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে নানা ধরনের ব্যবসা চলছে।’

তিনি বলেন, ‘এই বিভাগীয় শহরে এসে দেখলাম ভয়াবহ ট্রাফিক জ্যাম। শহরটি এখনো গুছিয়ে উঠতে পারেনি। আমরা দোয়া করি—যারা জনগণের সেবা করতে চায় তারা যেন ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর বিভাগীয় শহরে পরিণত করতে পারে।’

এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করে তিনি বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব হাসপাতালে ভর্তি আছেন। ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ পান।’

বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, দলের নেত্রী তানহা শান্তা, ডা: জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম ও ইকরাম এলাহী খান প্রমুখ।