‎লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রী

‘সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‎লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি |নয়া দিগন্ত

পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অপরাধের পরিমাণ কমিয়ে আনতে হবে। আমাদের রাজনৈতিক নেতা-কর্মীরা সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ফায়দা নেবে সেই সুযোগ লক্ষ্মীপুরে নেই।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ‎লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি, বিভিন্নভাবে নেতা-কর্মীদের এ বিষয়ে গাইড করছি। কিন্তু সরকারি অফিসে গিয়ে কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার করে সুবিধা আদায় করে নেবে, প্রশাসনও ছেড়ে দেবে, সেই সুযোগ নেই।’

তিনি বলেন, ‘প্রায়োরিটির দিক থেকে আগে জনগণ ও এলাকা, সেই বিষয়টি নিশ্চিত করে জেলার আইনশৃঙ্খলা বলেন আর উন্নয়ন বলেন সেগুলো প্রশাসন আদায় করে নেবে। সেই ব্যাপারে আমরা কখনো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করব না।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা চাই নিয়ম অনুযায়ী আমাদের সরকার জনগণের জন্য যে কাজ করতে চায়, সেটি যেন করে দেখাতে পারি। আমাদের সরকারের যেন বদনাম না হয়, সেই বিষয়ে নেতা-কর্মীদের আমরা সতর্ক করে দিয়েছি। তারা কাজের ব্যাপারে কোনো অফিসে গিয়ে ধমক দেয় না এবং টেন্ডারবাজিতে অংশ নেয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘কেউ যদি নিয়ম অনুযায়ী ব্যবসা করে, করতে পারবে। কিন্তু নিয়মের বাইরে গিয়ে প্রভাব বিস্তার করবে, সেই সুযোগ আমরা দিচ্ছি না। কেন্দ্রীয়ভাবে বিএনপি থেকে এ নির্দেশনা রয়েছে।’

মন্ত্রী চব্বিশ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শহীদ ও আহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘অনেক আন্দোলন সংগ্রামের পর ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ গুরুত্বপূর্ণ দিনটি পালন করতে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তিনি বলেন, ‘বিএনপির এখন আর চাওয়ার পাওয়ার কিছুই নেই। চাওয়া-পাওয়া জনগণের জন্য। সেই অনুযায়ী কাজ করছে সরকার।’

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে ‎সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম ও পুলিশ সুপার মো: আবু তারেক।