গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, সামাজিক ও ভৌত অবকাঠামোর উন্নয়ন কর্মকাণ্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য সকলের অংশগ্রহণ প্রয়োজন। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘এ বছরের কাজ অন্য বছর করা যাবে না। সিডিউল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে। সকাল ৯টার মধ্যে সরকারি কর্মচারীদের অফিসে আসতে হবে।’
সোমবার (৯ মার্চ) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী হওয়ার পর নিজ সংসদীয় আসনের নেছারাবাদে এটিই তার প্রথম সরকারি সফর।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এখানে আমার কোনো প্রতিনিধি নেই। প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেয়া হবে না।’
তিনি অবহেলিত নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনে দেয়া ইশতেহার অনুযায়ী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুস সাকিব সৌরভ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো: কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাসির উদ্দিন তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ নাপিতখালী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কাম সাইক্লোন শেল্টারের নতুন ভবনের উদ্বোধন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
একই দিন বিকেলে প্রতিমন্ত্রী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।



