হালুয়াঘাটে ২০ লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ

অভিযানে জব্দ জালের মধ্যে রয়েছে আট হাজার মিটার চায়না দোয়ারী জাল এবং পনের হাজার মিটার কারেন্ট জাল। এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

Location :

Mymensingh
অবৈধ কারেন্ট ও চায়না জাল
অবৈধ কারেন্ট ও চায়না জাল |নয়া দিগন্ত

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের হালুয়াঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দোয়ারী জাল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার ধারা বাজারের একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

অভিযানকালে নিষিদ্ধ জাল মজুদ রাখার দায়ে মো: সুজন মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সুজন মিয়া ধারা ইউনিয়নের কয়াহাটি গ্রামের হযরত আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে জব্দ জালের মধ্যে রয়েছে আট হাজার মিটার চায়না দোয়ারী জাল এবং পনের হাজার মিটার কারেন্ট জাল। এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।

জব্দ অবৈধ জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, ‘দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার রোধ করা আমাদের নিয়মিত দায়িত্বের অংশ। মৎস্য আইন অমান্যকারী এবং এসব নিষিদ্ধ জালের কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে মাছের অভয়াশ্রম ও নদ-নদীর সুরক্ষা নিশ্চিত করা হবে।