নওগাঁর রাণীনগরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নিশান আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিশান উপজেলার ঘোষগ্রাম হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইলফোনের চার্জার দেয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করেন। ধর্ষণের সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুর মা থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষনের অভিযোগে শিশুর মা নিশান নামে এক যুবকের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ আগস্ট) গ্রেফতার নিশানকে আদালতে এবং শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হবে।



